কিশোরগঞ্জের নীলগঞ্জ সড়ক বেহাল, জনদুর্ভোগ
কিশোরগঞ্জের নীলগঞ্জ সড়ক বেহাল। কিশোরগঞ্জ পৌরসভা থেকে সদর উপজেলার নীলগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি খানাখন্দে ভরা। বর্ষা মৌসুমে সড়কটির পৌরসভা অংশের দুই কিলোমিটার পানিতে তলিয়ে যায়। এতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকার পৌর কাউন্সিলর মো. জালাল উদ্দিন বলেন, পৌরসভার সমন্বয় ও উন্নয়ন কমিটির সভায় একাধিকবার সড়কটির সংস্কার ও উন্নয়নের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সড়কটি সংস্কারের জন্য নীতিগত সিদ্ধান্ত হলেও অর্থের অভাবে সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।
এলাকার লোকজন জানান, নীলগঞ্জ সড়ক দিয়ে তাড়াইল উপজেলা, নান্দাইল চৌরাস্তা, নীলগঞ্জ ও পৌরসভার কলাপাড়াসহ চারটি এলাকার লোকজন শহরে আসা-যাওয়া করে। এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম খান জানান, এ সড়কে চলতে গিয়ে গত তিন মাসে তিনি চারবার সড়কে পড়ে যান। নীলগঞ্জ সড়কের বাসিন্দা মো. মাজহারুল ইসলাম জানান, সড়কটির অবস্থা এমন বেহাল যে নারী ও শিশুদের এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
গৃহিণী ছন্দা রায় বলেন, সম্প্রতি তিনি এই সড়কে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন।
কলাপাড়া গ্রামের ঠেলাগাড়িচালক আবদুল গফুর (৪৫) বলেন, এই সড়কে ঠেলাগাড়ি চালাতে হলে অনেক শক্তি ব্যয় করতে হয়। বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে এই সড়ক ব্যবহার করতে হয়। এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক বেবিট্যাক্সি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ বিভিন্ন যান এ সড়ক দিয়ে তাড়াইল উপজেলায় যাওয়া-আসা করে।
সরেজমিনে দেখা যায়, মাত্র ৩ কিলোমিটারের এই সড়কে খানাখন্দ এত বেশি যে গাড়ি চালাতে চালকদের হিমশিম খেতে হচ্ছে।
এলাকাবাসী বলেন, সড়কের দুরবস্থার কারণে লোকজন এই এলাকায় ভাড়া থাকতে চান না। সড়কের কাদাপানিতে পড়ে যাওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. মাজহারুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অর্থ সংকটের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। তিনি বলেন, অর্থ ছাড় হলে প্রথম দফায় এই সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে।