কিশোরগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়নের দ্বন্দের অবসান হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার রাতে ১৬ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর ওই দ্বন্দ্বের অবসান হয়। কাল সোমবার অনুষ্ঠেয় মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনও স্থগিত করা হয়েছে। ওই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি।জেলা প্রশাসক মো. শাহ কামালের উপস্থিতিতে পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর, মালিক সমিতির নেতা হেলাল উদ্দিন ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে জেলা প্রশাসকের বাসভবনে ওই ত্রিপক্ষীয় বৈঠক হয়।জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ক্ষমতাসীন দলের প্রভাবশালী মালিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষে রয়েছেন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর ও অন্য পক্ষে হেলাল উদ্দিন মানিক। এ অবস্থায় আদালতের নির্দেশে গত বছরের ১১ আগস্ট ও ১৬ সেপ্টেম্বর মালিক সমিতির নির্বাচন হয়। কিন্তু সভাপতি প্রার্থী হেলাল উদ্দিনের পক্ষ নির্বাচন বর্জন করে। একতরফা ওই নির্বাচনে শাহজাহান লস্করের পক্ষ সভাপতিসহ অন্যান্য পদে জয়ী হয়। এরপর থেকে দুই পক্ষ প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ায়। এ অবস্থায় কাল সোমবার অনুষ্ঠেয় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়ন সিরাজুল ও কাঞ্চন-শহীদ পক্ষে বিভক্ত হয়ে পড়ে। কাঞ্চন-শহীদ পক্ষ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন বানচালের ডাক দেয়। হেলাল উদ্দিন পক্ষ কাঞ্চন-শহীদ পক্ষকে এবং শাহজাহান লস্কর পক্ষ সিরাজুল পক্ষকে সমর্থন দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। গত ২৭ ও ২৮ ডিসেম্বর কাঞ্চন-শহীদ পক্ষ পরিবহন ধর্মঘটের ডাক দিলে জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় জেলা প্রশাসন জটিলতা নিরসনে উদ্যোগ নেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) নূরে আলম সিদ্দিকীকে সদস্যসচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি নতুন ভোটার তালিকা তৈরি করে নির্বাচন অনুষ্ঠান করবে। এ ছাড়া নির্বাচনের আগ পর্যন্ত শাহজাহান লস্কর মালিক সমিতির সভাপতির দায়িত্ব ও হেলাল উদ্দিন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।জেলা প্রশাসক মো. শাহ কামাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের অবসানে রুদ্ধদ্বার বৈঠকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।