কিশোরগঞ্জের পলাতক সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে। ৭ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা ছয় অভিযোগে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায়। তবে একাত্তরে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় ছিলেন। একাত্তরে তিনি তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন এবং তখন তিনি ‘রাজাকার দারোগা’ নামে পরিচিত ছিলেন।
গত বছরের ৭ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। ১৯ জুন তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তদন্তকালে ৬০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়।
হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি বিভিন্ন পত্রিকায় পাকিস্তানের পক্ষে বিবৃতি দেন এবং স্বাধীনতার বিরোধিতা করেন। বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে হাসান আলী তাড়াইলে রাজাকার কমান্ডার হিসেবে নিয়োজিত হন।
হাসান আলীকে গ্রেপ্তারের জন্য গত ৩ এপ্রিল পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।