কিশোরগঞ্জের বাজার থেকে চিনি হাওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের উৎসব সামনে রেখে বিভিন্ন কোম্পানির স্থানীয় পরিবেশকেরা কিশোরগঞ্জ জেলায় কয়েক হাজার মেট্রিক টন সাদা চিনি আমদানি করলেও হাটবাজার থেকে চিনি হাওয়া হয়ে যাচ্ছে। তবে বাজারে সরকারনির্ধারিত ৬২ টাকা কেজি দরের চিনি না মিললেও অতিরিক্ত মূল্য দিলে খুচরা দোকানগুলোতে পাওয়া যাচ্ছে লুকিয়ে রাখা চিনি।স্থানভেদে প্রতি কেজি চিনির জন্য ৭০ থেকে ৮০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। অথচ সাধারণ ক্রেতার কাছে এ চিনি সর্বোচ্চ ৬২ টাকা কেজি দরে বিক্রির কথা রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সদরসহ ভৈরব, কুলিয়ারচর, হোসেনপুর, কটিয়াদী, বাজিতপুর, পাকুন্দিয়া, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলায় সিটি গ্রুপ, পারটেক্স গ্রুপসহ বিভিন্ন চিনি কোম্পানির মোট ৯৮ জন পরিবেশক রয়েছেন।এসব পরিবেশকেরা ৫০ কেজির চিনির বস্তা তিন হাজার টাকায় অর্থাৎ ৬০ টাকা কেজি দরে নিয়মিত আমদানিও করছেন। আমদানির পর স্থানীয় প্রশাসনকে বরাদ্দ পাওয়া চিনির প্রাপ্তি প্রতিবেদন (অ্যারাইবল রিপোর্ট) দিয়ে সুষ্ঠু তদারকির মাধ্যমে আমদানিকারকদের ঘর থেকে এসব চিনি ৬১ টাকা কেজি দরে সাধারণ ব্যবসায়ীদের ঘরে যাওয়ার কথা। আর সাধারণ ব্যবসায়ীরা এ চিনি ক্রেতাসাধারণের মধ্যে সর্বোচ্চ ৬২ টাকা কেজি দরে বিক্রির কথা রয়েছে। তবে কিশোরগঞ্জ শহরের অধিকাংশ সাধারণ ব্যবসায়ীর অভিযোগ, পরিবেশকেরা তাঁদের চাহিদানুযায়ী চিনি দিচ্ছেন না। তাঁরা যে পরিমাণ চিনি পাচ্ছেন, তা ঘরে তোলার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যাচ্ছে।আবার কেউ কেউ বলেছেন, তাঁরা সরকারনির্ধারিত দামের চেয়েও বেশি দামে চিনি সংগ্রহ করেছেন। এ জন্য লুকিয়ে রেখে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করছেন।কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চিনি আমদানির পর প্রত্যেক পরিবেশককেই অ্যারাইবল রিপোর্ট দিয়ে সুষ্ঠু তদারকির মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে সরকারনির্ধারিত মূল্যে তা সরবরাহ করতে হয়। চিনির যথাযথ বিতরণ নিশ্চিত করতে এবং কালোবাজারি কিংবা অতিরিক্ত মূল্যে বিক্রয় বন্ধে মনিটরিং টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও কাজ করছেন। স্থানীয় পরিবেশকদের চাহিদার তুলনায় বরাদ্দ কম কি না, তা খতিয়ে দেখতে হবে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। তা ছাড়া ভ্রাম্যমাণ আদালত বাজার ও মোকামগুলোতে কাজ করছেন। আশা করি, অবস্থার উন্নতি হবে।’