কিশোরগঞ্জ বিএডিসির আঞ্চলিক উপপরিচালক (বীজ বিপণন) আনন্দ চন্দ্র দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চলতি মৌসুমে বোরো বীজ বিতরণে অনিয়ম ও দুর্নীতির দায়ে তাঁকে এ বরখাস্ত করা হয়। এ ছাড়া এসব অনিয়মের সঙ্গে জড়িত থাকায় গুদামরক্ষক ইউসুফ হিলালীকে লাঞ্ছিত করেছে জনতা।স্থানীয় বিএডিসির কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জ-নেত্রকোনা অঞ্চলের কৃষি পুনর্বাসন কর্মসূচিতে ৫০০ মেট্রিক টন বীজসহ পাঁচ হাজার ৫৫০ মেট্রিক টন বোরো বীজ বরাদ্দ দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।কিশোরগঞ্জ জেলার ৩০৭ জন এবং নেত্রকোনা জেলার ২৪২ জন ডিলারের মধ্যে বরাদ্দ করা বীজ বিতরণের জন্য এসব বীজ কিশোরগঞ্জ বিএডিসির উপপরিচালক বীজের গুদামে রাখা হয়। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বীজ বিতরণের কার্যক্রম শুরু হয়। বরাদ্দ পাওয়া বীজ গুদাম থেকে ছাড় করার জন্য গুদামরক্ষককে টনপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা ঘুষ দিতে হয়। মোটা অঙ্কের উৎকোচ দিয়ে ডিলাররা বীজ বরাদ্দ পাওয়ায় কালোবাজারে অতিরিক্ত মূল্যে বীজ বিক্রি করার প্রবণতা বেড়ে যায়। তা ছাড়া নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রেও উপপরিচালকের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠে। বিষয়টি বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং ডিলাররা বিএডিসির পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএডিসির যুগ্ম পরিচালক মো. আবু তালেব ২ নভেম্বর সরেজমিনে তদন্ত করেন। তদন্তকালে স্থানীয় জনতা ও ডিলারদের উপস্থিতিতে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে উপপরিচালক আনন্দ চন্দ্র দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।উপপরিচালক (বীজ বিতরণ) আনন্দ চন্দ্র দাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সত্য নয় বলে জানান।পরে এলাকাবাসী ও ডিলারদের লোকজন গুদামরক্ষক ইউসুফ হিলালীকে লাঞ্ছিত করে। বিএডিসির যুগ্ম পরিচালক মো. আবু তালেব জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় উপপরিচালককে (বীজ) বরখাস্ত করে বিএডিসির বীজ উৎপাদন বিভাগের উপপরিচালক মো. সুলতানুল আলমকে বীজ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।