কিশোরগঞ্জের মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।এলাকাবাসীর ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে হতাহতের এ ঘটনা ঘটেছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চমকপুর গ্রামের মানিক মিয়া ও রমজান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। এদিকে সংঘর্ষের পর এলাকায় না থাকায় যোগাযোগের চেষ্টা করেও মানিক মিয়া ও রমজান আলীর বক্তব্য পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের শতাধিক লোক দা, লাঠি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে বুকে ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।এ ছাড়া আহত হন আরও অর্ধশতাধিক। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আটজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে মিঠামইন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল চৌধুরী জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় কেউ লিখিত এজাহার নিয়ে থানায় আসেনি। লিখিত এজাহার পেলে মামলা করা হবে।