কিশোরগঞ্জের রাস্তার এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন নারায়ণগঞ্জের পাগলার ব্যবসায়ী মো. খয়ের উদ্দিন। ট্রেন থেকে নেমে বিভিন্ন অলিগলি ঘুরে শহরের খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তা দেখে বাসায় এসে হতাশা ভরা কণ্ঠে বললেন, ‘রাষ্ট্রপতি, স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রীসহ ভিআইপিদের শহর কিশোরগঞ্জের রাস্তাঘাটের এ কী অবস্থা!’প্রথম শ্রেণীর কিশোরগঞ্জ পৌরসভার রাস্তাঘাটের এই ‘কাহিল’ দশা দেখে শুধু খয়ের উদ্দিন নন, নবাগত যে কেউই অবাক হবেন।পৌরসভা সূত্রে জানা গেছে, শতাব্দী প্রাচীন এই পৌরসভার ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ২৪ কিলোমিটারই ক্ষতবিক্ষত হয়ে গেছে। শহরের গুরুত্বপূর্ণ পাড়ামহল্লার সড়কগুলো দিয়ে হাঁটা দায় হয়ে পড়েছে। ইট, বালু, বিটুমিন উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে এসব সড়ক। তিন-চারটি সড়কে বর্ষাকালে হাঁটুপানি জমে যায়। এতে পৌরসভার প্রায় দেড় লাখ বাসিন্দা দুর্ভোগ পোহাচ্ছে।বিভিন্ন সূত্র জানায়, গত ২০ বছরে কিশোরগঞ্জ পৌরসভায় সড়ক উন্নয়নের বেশ কিছু কাজ হয়েছে। এসব উন্নয়নকাজে ২০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। কিন্তু সড়কগুলো সংস্কারের দু-এক বছরের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যায়। নিম্নমানের কাজ এবং প্রয়োজনীয় নালা না থাকায় সড়কগুলোর এ অবস্থা হয় বলে পৌরবাসীর অভিযোগ দীর্ঘদিনের।শহরের অন্যতম ফিশারি সড়ক, হারুয়া সড়ক, কলেজ-ফিশারি লিংক রোড, বত্রিশ এতিমখানা রোড, গাইটাল, রাকুয়াইল, হর্টিকালচার রেল গুদাম-ওয়ালী নেওয়াজ খান কলেজ, নিউটাউন-কাঠগোলার মোড় ও কাটাখালী সড়ক দুটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের।কাটাখালী এলাকার বাসিন্দা আবদুর রশিদ জানান, বর্ষাকালে এলাকার সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এ সময় যানবাহন ও লোকজন চলাচল করতে পারে না।সড়কগুলো দিয়ে রিকশায় চলাচল করতেও কয়েকবার রিকশা থেকে নামতে হয়। নতুন বাজারে এসে জানা গেল, বৃষ্টি হলে গৌরাঙ্গবাজার সেতু এলাকা পানিতে তলিয়ে যায়। শুকনোর দিন বলে পানি পাওয়া গেল না।সচেতন নাগরিক কমিটির সদস্য আবদুল গনি জানান, শহরের সড়কগুলোর দুরবস্থা দেখে এটি শতাব্দী প্রাচীন প্রথম শ্রেণীর পৌরসভা—এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়।শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অকল্পনীয় দুরবস্থার মূল কারণ সুষ্ঠু নালাব্যবস্থার অভাব। বেশির ভাগ রাস্তায় নালা নেই। যেগুলোতে আছে, তার একটিও প্রবহমান দেখা যায়নি। শহরের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে নরসুন্দা নদী। অতি সহজেই নালাগুলো সেখানে ফেলা যেত। কিন্তু তা করা হয়নি। অথচ নদীটি ভরাট হয়ে মরে-পচে নিজেই একটি বিশাল নালা হয়ে গেছে।পৌরসভার সিংহভাগ সড়কই খানাখন্দে ভরা এবং চলাচলের অযোগ্য—এর সত্যতা স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, ‘আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।’পৌর মেয়র আবু তাহের মিয়া দাবি করেন, ২৩ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য তেমনটি মনে হয় না। ১৫ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ—এ কথা সত্য। তিনি বলেন, ‘২০০৯-১০ অর্থবছরে বেশ কিছু নালা ও সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অর্থসংকট রয়েছে। শহরের সব সড়ক সংস্কার করতে হলে ২০ কোটি টাকা প্রয়োজন।’