কিশোরগঞ্জের হাওরে তীব্র শীত, ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওর অঞ্চলসহ ১৩টি উপজেলায় তীব্র শীত, ঘন কুয়াশা ও উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, বাজিতপুর ও তাড়াইল এলাকার মানুষ তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত তিন দিনে এসব এলাকায় কনকনে শীতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন: বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের খুর্শেদা বেগম (৭০), নিকলী উপজেলার গুরুই গ্রামের কার্তিক লাল দাস (৩৫), কৈলাগ গ্রামের চান মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০), জাকির মিয়ার চার মাসের শিশুকন্যা ইতি বেগম, কচুয়াখলার পরিমল দাসের দুই মাসের একটি শিশু, বাহেবালির সবুজ মিয়ার ১৫ দিনের শিশু, অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামের ধনু মিয়া (৩৫) ও ফালু মিয়া (৭০), বাঙ্গালপাড়া ইউনিয়নের নাথপাড়া গ্রামের সুধীর দেবনাথ (৬০), লাউড়া গ্রামের আবদুল আওয়াল ও নাজিরপুর গ্রামের শের আলী (৭০) হাওর থেকে বাড়ি ফেরার পর তীব্র ঠান্ডা ও শ্বাসকষ্টে তাঁদের মৃত্যু হয়েছে। মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান জানান, তীব্র শীতে হাওরের বিভিন্ন গ্রামে মানুষ মারা যাচ্ছে। সরকারিভাবে দ্রুত শীতবস্ত্রের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, হাওরে এখন শৈত্যপ্রবাহ চলছে। কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু সঠিক মৃত্যুর তালিকা এখনো হাতে পৌঁছায়নি।