কিশোরগঞ্জের হাওরে বন্যা, উজানে খরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার হাওরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে আধাপাকা বোরো জমির ধান। অন্যদিকে উজানে চলছে তীব্র খরা। ফলে হাওর ও উজান এলাকার কৃষকেরা ভিন্ন ভিন্ন সমস্যায় বোরো ধানের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কায় আছেন। গত সপ্তাহে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের তিনটি হাওর উপজেলার ১৫ হাজার হেক্টর জমির বোরো ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে উত্কণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানকার কৃষকেরা। এদিকে কয়েক দিন ধরে পানি কমতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীর্ঘদিন ধরে চলা খরা ও বিদ্যুৎ-সংকটে এবার হুমকির মুখে পড়েছে উজানের বোরো উৎপাদন। পরিস্থিতির উন্নতি না হলেও হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, বাজিতপুর, করিমগঞ্জ ও তাড়াইল—এ ছয় উপজেলা নিয়ে গঠিত উজানের কৃষকেরাও হাওর এলাকার মতো ফলন-বিপর্যয়ের আশঙ্কা করছেন।সরেজমিনে দেখা যায়, হোসেনপুর উপজেলার আট কিলোমিটার দীর্ঘ বাড়ইখালি খালটি শুকিয়ে যাওয়ায় ওই এলাকার এক লাখ একর জমির সেচকাজে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ওই খালের বুকে দাঁড়িয়ে লাকুহাটি গ্রামের কৃষক আবুল কালাম জানান, ‘এই খালের পানি দিয়ে আমরা ফসল ফলাতাম। এবার খাল শুকিয়ে গেছে। সেচ দিতে পারিনি। সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে।’ একই এলাকার কৃষক আবুল বয়ান বলেন, খালে পানি না থাকায় দুই পাশের জমিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুৎ না পাওয়ায় পাম্পও চালানো যাচ্ছে না। হাতে চিটা হয়ে যাওয়া ধানের গাছ দেখিয়ে গোবিন্দপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, ‘খরায় ধান মরে চিটা হয়ে যাচ্ছে। আমরা খাব কী?’বিদ্যুৎ-সংকটের উল্লেখ করে হারেঞ্জা গ্রামের ডিপটিউবওয়েল সমিতির ব্যবস্থাপক মো. আবদুল কাদির বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে বড়জোর দুই ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এমনও দিন যায়, সারা দিন বিদ্যুৎ মেলে না। তার ওপর ১০ মিনিট পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমার পাম্প এ পর্যন্ত পাঁচবার নষ্ট হয়েছে। আগে এই পাম্প দিয়ে ১২০ একর জমিতে সেচ দেওয়া যেত, এ বছর মাত্র ৪০-৫০ একর জমিতে সেচ দেওয়া যাচ্ছে।’ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবদুল ওয়ারিদ বলেন, ‘কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় তিন হাজার ১০০ সেচপাম্পে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যা দিয়ে ৪৩ হাজার ৪৬২ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পাম্পগুলোতে দিনরাতে বিদ্যুতের চাহিদা ৩৫ মেগাওয়াট। তবে আমরা ১৪ মেগাওয়াট সরবরাহ করতে পারি। এতে নয় ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ করা যায়। যদিও এই বিদ্যুতে কৃষকদের চাহিদা মেটে না। কৃষকদের আরও বেশি বিদ্যুৎ প্রয়োজন।’কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ মো. মহসীন উদ্দিন খান বলেন, এ সময় ধানখেতে সবচেয়ে বেশি পানির প্রয়োজন। এখন যদি পানির ঘাটতি হয়, তবে ফলনে বিঘ্ন ঘটবে, ধানে চিটা হবে।