কিশোরগঞ্জের হাজিপুর-গাগলাইল সড়কে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিপুর-গাগলাইল সড়কজুড়ে খানাখন্দ। ভাঙাচোরা এই সড়ক দিয়ে যাতায়াতে প্রতিদিন ১০টি গ্রামের ৪০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাত্র তিন কিলোমিটার কাঁচা সড়কটিতে খানাখন্দ এত বেশি যে মালবোঝাই একটি গরুর গাড়ি ঠেলে তুলতে ১০ জনকেও হিমশিম খেতে হয়। আর বৃষ্টি হলে সড়ক থাকে কাদা-পানিতে একাকার। শুধু সড়কের দুরবস্থার কারণে গ্রামের অনেকে ভালো সম্বন্ধ (বিয়ের প্রস্তাব) পেলেও আত্মীয়তা করতে পারেন না। এলাকাবাসী জানায়, হাজিপুর, শিমুলতলা, সুতোরকান্দা, গারুয়াকান্দা, বাহিরহাওর, কালিয়ারকান্দা, গৌরীপুর, কদমতলি, মনোহরপুর, চাঁদেরহাসি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের দুঃখ এই সড়ক। এই সড়ক দিয়ে এসব গ্রামবাসীকে শহরে যেতে হয়। শিমুলতলা গ্রামের কৃষক আবদুল মোতালিব (৬০) জানান, ‘সড়কটি ১০টি গ্রামের মানুষ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে তা সংস্কার করা হয়নি। বিশেষ করে, বোরো মৌসুমে জেলা শহরে ধান নিয়ে যেতে হাওরের কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় বিদ্যালয়ে আসতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। এলাকার ইউপি চেয়ারম্যান (দানাপাটুলী ইউনিয়ন) ফজলুর রহমান জানান, সড়কটি নতুন করে তৈরি করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ জানান, সরেজমিনে গিয়ে সড়কটির গুরুত্বের বিষয়টি জানা হয়েছে। ওই সড়কের এক কিলোমিটারের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। বাকি অংশের কাজ পরবর্তী সময়ে করা হবে।