কিশোরগঞ্জের হুসাইন ও মোসলেমের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হুসাইন ওরফে হোসেন ও মুহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই রায় দেন।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২৮তম রায় এটি। আর চলতি বছরে প্রথম রায়।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামির মধ্যে মোসলেমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। হুসাইন মামলার শুরু থেকে পলাতক। রায়ে পলাতক হুসাইনকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নিতে বলা হয়েছে। মোসলেম কিশোরগঞ্জের নিকলীর ‘রাজাকার কমান্ডার’ ও হুসাইন নিকলী থানার ‘রাজাকার দারোগা’ হিসেবে পরিচিত ছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নিকলী উপজেলায় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়। রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, এই মামলায় ছয়টি অভিযোগ ছিল। রাষ্ট্রপক্ষ ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলায় একটি
অসাধারণ সাফল্য পেয়েছে রাষ্ট্রপক্ষ। প্রথমবারের মতো যুদ্ধকালীন ধর্ষণ গণহত্যার স্বীকৃতি পেয়েছে রায়ে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, একাত্তরে নির্যাতিত নারীদের যে ধর্ষণ করা হয়েছে, তা গণহত্যার শামিল।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, রায়ের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। এই রায়ের বিরুদ্ধে আসামিদের সঙ্গে আলোচনা করে আপিল করা হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের আনা প্রথম অভিযোগ ছিল নিকলীর দামপাড়া গ্রামে হিন্দুদের ধর্মান্তরে বাধ্য করা। এই অভিযোগে দোষী সাব্যস্ত করে হুসাইনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিকলী থানা প্রাঙ্গণ থেকে চারজনকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের দ্বিতীয় অভিযোগে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিকলীর গুরুই গ্রামের পূর্বপাড়ায় ২৬ জনকে হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের তৃতীয় অভিযোগে হুসাইন ও মোসলেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দামপাড়া গ্রামে হিন্দু নারীদের ধর্ষণ ও হিন্দুদের আটকে রেখে নির্যাতনের পর গণহত্যার চতুর্থ অভিযোগে হুসাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পূর্বগ্রামে মুক্তিযোদ্ধা শহীদ আবদুল মালেককে বাড়ি থেকে অপহরণ করে হত্যার পঞ্চম অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মুক্তিযোদ্ধা খায়রুল জাহান ও মো. সেলিমকে হত্যার পর লাশ নিয়ে অমানবিক কর্মকাণ্ডের অভিযোগে আনা ষষ্ঠ অভিযোগে হুসাইনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।

উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৭ মার্চ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।

গত বছরের ৯ মে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জন ও আসামিপক্ষে একজন সাফাই সাক্ষ্য দেন। ২০১৫ সালের ৭ জুলাই নিকলীর কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেপ্তার করা হয়। হুসাইনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোরগঞ্জে ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের আরেক মামলার রায়ে ২০১৫ সালের ৯ জুন ট্রাইব্যুনাল হুসাইনের বড় ভাই পলাতক সৈয়দ মো. হাসান ওরফে হাছেন আলীকে মৃত্যুদণ্ড দেন।

কিশোরগঞ্জে সন্তোষ, মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, হুসাইন ও মোসলেমের ফাঁসির আদেশ হওয়ায় নিকলীতে মুক্তিযুদ্ধকালে নিহত ব্যক্তিদের স্বজন ও মুক্তিযোদ্ধারা সন্তোষ প্রকাশ করেছেন। রায়ের পর জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারীদের মিষ্টিমুখ করায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো. আবদুল মান্নান ও ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী। বক্তারা রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং পলাতক হুসাইনকে গ্রেপ্তারসহ অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।

রায়ে সন্তোষ জানান রাজাকারদের হাতে নিহত নিকলীর পূর্বপাড়ার মধু মিয়ার ছেলে মো. সুলাইমান মিয়া ও মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ। পরিবারের চারজনকে হারানো দামপাড়া গ্রামের বাদল বর্মন বলেন, ‘আমি জীবিত থাকতে এ রায় দেখে মনে শান্তি পাচ্ছি। দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’