কিশোরগঞ্জের ১১টি ইউপিতে ভোট গ্রহণ আজ
কিশোরগঞ্জের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হবে। ইউনিয়নগুলো হচ্ছে মারিয়া, চৌদ্দশত, বিন্নাটি, মহিনন্দ, কর্শাকড়িয়াইল, যশোদল, লতিবাবাদ, রশিদাবাদ, মাইজখাপন, দানাপাটুলী ও বৌলাই। ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটায়। চলবে বিকেল চারটা পর্যন্ত।নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন, নারী সদস্য পদে ১৩২ জন ও সাধারণ সদস্য পদে ৪০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নের মোট ভোটার সংখ্যা এক লাখ ৮২ হাজার ১৩১ জন। নির্বাচন ঘিরে প্রশাসনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো সম্পন্ন হয়েছে। ৯৯টি ভোটকেন্দ্রের ৫৩৪টি কক্ষে ভোট নেওয়া হবে। ৯৯টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আনসার ও পুলিশ বাহিনীর ২০ জন করে সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দলও সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখবে।