কিশোরগঞ্জের ৪ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার পলাতক চার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। পলাতক চার আসামি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নাসিরউদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজ উদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। এই মামলার অপর আসামি শামসুদ্দিন আহমেদ (৬০) কারাগারে আটক আছেন। তিনি পলাতক আসামি নাসিরউদ্দিনের ভাই।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল বলেন, পলাতক চার আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর এ বিজ্ঞাপন প্রকাশ করবে।
গত ১০ মে এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৩ মে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে ওই পাঁচজনের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
অপরাধ তদন্ত সংস্থা জানায়, নাসিরউদ্দিন সাবেক ক্যাপ্টেন। তাঁর ভাই শামসুদ্দিন কিশোরগঞ্জের একজন আইনজীবী। এ দুজনসহ বাকি তিনজন রাজাকার বাহিনীতে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেন। তাঁদের বিরুদ্ধে ১৯৭১ সালে করিমগেঞ্জর বিদ্যানগর, আয়লা, ফতেরগুপ ও পীরাতন বিল এবং আশপাশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।