কিশোরগঞ্জের ৪ যুবক ভারতের কারাগারে এক মাস ধরে আটক!
কিশোরগঞ্জের চারজন যুবক ভারতের কারাগারে এক মাসের বেশি সময় ধরে আটক রয়েছেন। দালালের খপ্পরে পড়ে ভুটানে যাওয়ার সময় ভারতের কারাগারে আটক হন তাঁরা। ইতিমধ্যে বন্দীদের স্বজনদের এড়িয়ে চলতে শুরু করেছেন স্থানীয় দালালচক্রের লোকজন। কোনোরকমে যোগাযোগ করতে পারলে মিলছে সেই একই আশ্বাস, জামিনের চেষ্টা চলছে। জানা গেছে, দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের মোস্তাফিজুর রহমান ভুটানে নির্মাণশ্রমিকের চাকরি দেওয়ার কথা বলে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১১ যুবককে ভুটানে পাচারের চেষ্টা করেন। তাঁদের মধ্যে মজলু মিয়া, ইকবাল হোসেন পল্টু, জাহাঙ্গীর আলম ও মোবারক হোসেন নামের চারজন যুবক গত ৮ মে বিএসএফের হাতে ধরা পড়েন। এরপর থেকে তাঁরা ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট কারাগারে আটক রয়েছেন বলে তাঁদের আত্মীয়স্বজন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অন্যরা কোনোরকমে পালিয়ে দেশে ফিরেছেন। ভারতের কারাগারে আটক ইকবাল হোসেনের বড় ভাই মন্টু মিয়া জানান, আদম বেপারি মোস্তাফিজুর রহমানকে এখন খুঁজে পাওয়া যায় না। তিনি বন্দীদের পরিবারের সদস্যদের এড়িয়ে চলছেন। তবে মুঠোফোন করলে অচিরেই আটক হওয়া ব্যক্তিরা ছাড়া পেয়ে যাবেন বলে আশ্বাস দেন। কয়েক দিন ধরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। যদিও এর আগে ছাড়া পাওয়ার পর তাঁদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দিয়ে দেবেন বলে মোস্তাফিজ আশ্বাস দিয়েছেন। ভারতে আটক জাহাঙ্গীরের ছোট ভাই মাজহারুল এবং মজলু ভূঁইয়ার ভাতিজা ইয়াছিনও একই রকম কথা জানিয়েছেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।