কিশোরগঞ্জের '৫ রাজাকারের' রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ‘৫ রাজাকারের’ বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষাধীন রাখেন।

তাঁরা হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। বাকি চারজন পলাতক।

গত ১৩ মে কিশোরগঞ্জের দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ২৭ অক্টোবর করিমগঞ্জের আয়লা গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকার বাহিনী আবদুল বারেক, মো. হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার ও আবদুল মজিদকে গুলি করে হত্যা করে। ১১ নভেম্বর নাসিরের নেতৃত্বে রাজাকাররা আয়লা গ্রামে লুণ্ঠন ও নির্যাতন চালায়। মিয়া হোসেনকে হত্যা করে। একাত্তরের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকাররা তাঁরই সহপাঠী পরেশ চন্দ্র সরকারকে আটক করে নির্যাতন ও হত্যা করে। ২৬ সেপ্টেম্বর কলাতলি গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকাররা আবদুল গফুরকে অপহরণের পর নির্যাতন করে। খুদির জঙ্গল সেতুর কাছে তাঁকে হত্যা করা হয়।