টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরেরা চিরকুটে লিখেও তাদের ওপর নির্যাতনের অভিযোগ জানিয়েছে। চিরকুট ফেলার সময় তারা জানালা দিয়ে হাত বের করে বিক্ষোভ জানিয়েছে। নির্যাতনকারী কর্মকর্তাদের ফাঁসি দাবি করে স্লোগান দিয়েছে।
কেন্দ্রের দক্ষিণ দিকের একটি ভবনের নিচে গতকাল ফেলা একটি চিরকুট প্রথম আলোর হাতে এসেছে। তাতে নির্যাতনের বর্ণনার পর কেন্দ্রের সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের নাম লেখা ছিল। এর আগেও তারা এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল।
গতকাল শুক্রবারও সন্তানের খোঁজ নিতে উদ্বিগ্ন অভিভাবকেরা এসেছিলেন। তাঁদের কাছে নির্যাতনের একই বর্ণনা দিয়েছে কিশোরেরা।
হাইকোর্টের নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার গতকাল তদন্ত শুরু করেছেন। তাঁরা কেন্দ্রের আহত কিশোরদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছেন।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের ২০ কিশোর তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিজেদের দেহ কেটে ক্ষতবিক্ষত করেছে। গত মঙ্গলবার রাত ১০টার পরে তারা এই ঘটনা ঘটায়। ওই দিনই টঙ্গী সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরদিন প্রথম আলোতে ‘২০ কিশোরের ভয়ংকর প্রতিবাদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ ও রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন ও দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
কিশোরদের চিরকুট: কেন্দ্রের দক্ষিণ দিকের ভবন থেকে জানালা দিয়ে কিশোরেরা চিরকুট লিখে নিচে পথচারীদের উদ্দেশে ছুড়ে মারছে। এমন একটি চিরকুট প্রথম আলো সংগ্রহ করে। চিরকুটের লেখাটি হুবহু এমন—‘ওত্বাচার করে হ্যান্ডকাপে জুলিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়। মানুষের মত মারে না, মনে হয় আমরা গরু, ছাগল। অন্যাই ছাড়া আমাদের হান্ডক্যাপে মারা হয়। তত্বাবধায়ক আনোয়ারুল করিম...’ (অসমাপ্ত)। এই তত্ত্বাবধায়ককে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়।
অভিভাবকদের কান্না: কিশোরগঞ্জ থেকে শাহ আলম ও কোহিনুর বেগম এসেছেন তাঁদের ছেলের খোঁজ নিতে। ছেলেকে দেখে কেন্দ্রের মূল ফটকে এসে শাহ আলম ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘আমার ছেলের দুই হাতে ২৪টা সেলাই। মাথায় ২০টা সেলাই। জিগাইলাম, বাবা এ রকম কীভাবে অইল। পুলায় কইল, “এত অত্যাচার আর সহ্য অয় না। নিজে নিজেই করছি।”’ স্বামীর কথা শেষ হতে না হতে স্ত্রী কোহিনুরও কেঁদে ওঠেন। এসেছেন কামরাঙ্গীচরের এক কিশোরের বাবা, রাজধানীর জোয়ারসাহারার আরেক কিশোরের বাবা জসিম উদ্দিনসহ কয়েকজন অভিভাবক।
তদন্ত: হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যরা কেন্দ্রের ভেতর আহত কিশোর ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মূল ফটকের সামনে এলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, কিশোরদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।
জেলা প্রশাসক জানান, গাজীপুর সিভিল সার্জন আহত কিশোরদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। একজন চিকিৎসক আহত কিশোরদের পর্যবেক্ষণ করছেন।