কিশোরদের মজার অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হে ফেস্টিভ্যালের সমাপনী দিনে শিশু-কিশোরদের সঙ্গে গল্প লেখা নিয়ে মজার আলোচনা করেন মুহম্মদ জাফর ইকবাল  ছবি: প্রথম আলো
হে ফেস্টিভ্যালের সমাপনী দিনে শিশু-কিশোরদের সঙ্গে গল্প লেখা নিয়ে মজার আলোচনা করেন মুহম্মদ জাফর ইকবাল ছবি: প্রথম আলো

গতকাল শনিবার সকালে বাংলা একাডেমির চত্বরে হে ফেস্টিভ্যালের সমাপনী দিনে প্রধান আকর্ষণই ছিল শিশু-কিশোরদের নিয়ে তিনটি অধিবেশন। ইমাজিনেশন টেন্ট নামের মঞ্চটিতে মুহম্মদ জাফর ইকবাল ‘রাইট এ স্টোরি’ নামের অধিবেশনে শিশু-কিশোরদের গল্পের সূত্র ধরিয়ে দিয়ে কল্পনা করে তাদের গল্পটি শেষ করতে বলেন। শিশু-কিশোরেরা মহা-উৎসবে বলেছে গল্প। শেষে জাফর ইকবাল বলেন, তিনটি গল্পই তাঁর জীবনে ঘটা সত্য ঘটনা। পরে তিনি সেই ঘটনাগুলোও জানিয়ে দেন গল্পের মতো করে। এ সময় তিনি শিশু-কিশোরদের টেলিভিশন না দেখার জন্য পরামর্শ দেন। কারণ, টেলিভিশন যে ছবি সামনে নিয়ে আসে, তা কল্পনাশক্তি কমিয়ে দেয়।

এর আগে এখানে ছিল তিথি রহমানের উপস্থাপনায় ‘বাংলাদেশ স্টোরি ট্রেনিং সেশন’ নামের অধিবেশন। এরপর সামির রহমান ও নুহাশ হুমায়ূনের অংশগ্রহণে ছিল গ্রাফিক গল্প বলার অনুষ্ঠান ‘আপকামিং মিসফিট’। তাঁদের যৌথ উদ্যোগে নির্মিত একটি কমিক শোও ছিল এ অধিবেশনে।

সমাপনী দিনে ছিল ৩০টির বেশি অধিবেশন। গতকাল একাডেমি চত্বরে প্রকাশিত হয় সৈয়দ ওয়ালীউল্লাহর ইংরেজি বই দি আগলি এশিয়ান। এ সময় মূল মঞ্চের আলোচনা ছিল ‘ক্যুদেতা’। এতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি বিষয়ে আলোচনা করেছেন নাদিম আসলাম ও কাজী আনিস আহমেদ।

‘দ্য ট্রায়ালস অব স্ক্রিন রাইটিং’-এর ওপর আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ ও ক্যাথরিন মাসুদ। সঙ্গে ছিলেন লটে হক। দুপুরে একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘ছড়া লড়াই’। অংশ নিয়েছেন রহীম শাহ, তাহমিনা কোরাইশি, রিফাত নিগার, আনজির লিটন, ওবায়দুল গনি, সারওয়ার-উল-ইসলাম প্রমুখ।


মূল মঞ্চে ‘এশিয়া রাইজিং?’ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন পঙ্কজ মিশ্র ও আহসান আকবর। ছোট মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘আধুনিকতা পেরিয়ে’। এতে আলোচনা করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, স্বপ্নময় চক্রবর্তী, আন্দালিব রাশদী প্রমুখ। ইংরেজি আবৃত্তির অনুষ্ঠান ‘ক্রসিং কালচারস-এ অংশ নিয়েছেন সৈয়দ শামসুল হক, কামাল চৌধুরী, তিশানি দোশি, উইলিয়াম সেইগহার্ট ও কায়সার হক।

ইমাজিনেশন টেন্টে ‘নৃ-জাতিগোষ্ঠীর ভাষা ও সাহিত্য’ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন নিকোলাস নরেন্দ্র কোচ, মারা মাথা, বরেন্দ্রলাল ত্রিপুরা প্রমুখ। বিকেলে মূল মঞ্চে ছিল ‘এ মর্ডান অ্যাপ্রোজ টু ফোকলোর ইন বাংলাদেশ’। আলোচনায় অংশ নেন শামসুজ্জামান খান, শহিদ আলম ও ফিরোজ মাহমুদ। ‘কবিতা পরিষদ রিসাইটেশনস’-এ অংশ নিয়েছেন মাকিদ হায়দার, আনোয়ারা সৈয়দ হক, কাজী রোজি, শিহাব সরকার, হারিসুল হক প্রমুখ। সঞ্চালক ছিলেন হাবিবুল্লাহ্ সিরাজী।

সন্ধ্যা ছয়টা থেকে সাতটায় একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘কবি লড়াই’ ও পুঁথি পাঠ। সন্ধ্যায় শেষ অধিবেশনটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যের সমকালীন সংশ্লিষ্টতা নিয়ে। এরপর একাডেমি চত্বরের মঞ্চে লালনের গানে গানে শেষ হয় তিন দিনের উৎসব।