কিশোরী ও কৃষককে কুপিয়ে হত্যা, তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত বুধবার এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক কৃষককে কুপিয়ে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: বুধবার বোয়ালমারী উপজেলার রাজবেনী গ্রামে একদল দুর্বৃত্ত রাজাপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে সুমাইয়া আক্তারকে (১২) কুপিয়ে হত্যা করে। সন্ধ্যায় পুলিশ ওই গ্রামের রথখোলা এলাকার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে সুমাইয়ার বাবা গতকাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেছেন। গতকাল সকালে সদরপুর উপজেলার চরডুবাইল গ্রামের দবির মোল্লার লাশ (৭৫) একটি ছবেদা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার দরিপাড়া গ্রামের হবিবর রহমান (৫২) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার ছোট শৌলা গ্রামের বোনের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিধানচন্দ্র হাওলাদারের (৪৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চালিতাবুনিয়া গ্রামের প্রয়াত বীরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে। বিধানের চাচা যতীন্দ্রনাথ সম্পত্তির জন্য কেউ তাঁকে মেরে ফেলতে পারে বলে বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন।কালকিনি (মাদারীপুর): উপজেলার এনায়েত নগর ইউনিয়নের সমিতির হাটের ট্রলার ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ করেছে পুলিশ। কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, তাঁরা ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।