কিশোরী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ও চট্টগ্রামের হাটহাজারীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন।

খাগড়াছড়িতে গত রোববার সন্ধ্যায় কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নুরুল আলম নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নুরুল আলম মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছুন্ন শেখের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বোনের ছয় বছরের মেয়েকে নিয়ে নিজ বাড়িতে শুয়ে ছিল ওই কিশোরী। বাড়িতে অন্য কোনো সদস্য না থাকায় এ সুযোগে নুরুল আমিন ঘরে প্রবেশ করেন। তখন বোনের মেয়েকে ভয় দেখিয়ে পাশের কক্ষে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরে বোনের মেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা তাঁকে রাতে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে  মামলা করেছেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে গত শনিবার রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পুলিশ রনি দাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত রোববার রাতে মামলা  করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আর্থিক অসচ্ছলতার কারণে মেয়েটি ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার বাসায় থেকে লেখাপড়া করত। শনিবার গভীর রাতে মেয়েটিকে ঘরে দেখতে না পেয়ে ওই শিক্ষিকা পুলিশে খবর দেন। এরপর মেয়েটিকে অচেতন অবস্থায় ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর  বলেন, সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রনি দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।