কিশোরী গণধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে কিশোরী গণধর্ষণ মামলায় চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় চার আসামির মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন এখনো পলাতক আছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। চঞ্চল বাদে বাকি তিনজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বিবরণীর বরাত দিয়ে সরকারি কৌঁসুলি রাকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০টায় কারখানার কাজ শেষ করে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় শহরের শহীদনগর এলাকায় কয়েকজন যুবক তার পথরোধ করেন। পরে তাকে রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর মা সদর মডেল থানায় মামলা করেন। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।