কিশোরী গণধর্ষণের শিকার
দক্ষিণ কেরানীগঞ্জে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিল (২৬), শাওন মিয়া (২৮) ও ইমন হোসেন (৩২) নামে তিনজনকে আটক করেছে।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, তাদের বাসা কদমতলী থানাধীন শ্যামপুরে। সে পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ আবাসিক এলাকায় চলে আসে। হাসনাবাদ আবাসিক এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় আসামি খলিল ও শাওন ফুসলিয়ে তাকে হাসনাবাদ হাউজিং এলাকায় নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত ঘরে অপর আসামি ইমনসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন আসামিকে আটক করে।