কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত শনিবার এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ছয়ফুল্লাকান্দির জহিরুল ইসলাম, হেলাল মিয়া; পাড়াতলীর বাবুল মিয়া ও এক নারী। শনিবার রাতেই মেয়েটি এ চারজনকে আসামি করে থানায় মামলা করেছে।

পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ওই কিশোরী শনিবার সকালে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়িতে কেউ না থাকায় সে পাশের আবুল হাসেমের বাড়িতে পানি খেতে যায়। সেখানে হাসেমের স্ত্রীর সহযোগিতায় তিন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিন যুবককে আটক ও কিশোরীকে উদ্ধার করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার এসআই ফিরোজ আহম্মেদ চৌধুরী গিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করেন। থানার পরিদর্শক (তদন্ত) অংশু কুমার দেব বলেন, ধর্ষণের আলামত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার বিজয়নগর উপজেলায় চতুর্থ শ্রেণীর সেই মাদ্রাসাছাত্রীকে (১০) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইয়ামিনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার মিরাসানি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহ আলম বলেন, গ্রেপ্তারের পর ইয়ামিন ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।