কিশোরীর ঠিকানা জানতে আদালতে ইশারা দোভাষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার শিশু আদালতে বাক্‌প্রতিবন্ধী কিশোরী রামু সাদিয়া। ছবি: আসাদুজ্জামান
ঢাকার শিশু আদালতে বাক্‌প্রতিবন্ধী কিশোরী রামু সাদিয়া। ছবি: আসাদুজ্জামান

সাত মাস আগে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে রামু সাদিয়া নামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করা হয়। সে তার ও বাবা-মায়ের নাম জানে। কিন্তু ঠিকানা জানে না। আদালতের নির্দেশে জাতীয় বধির সংস্থার ইশারা ভাষার দোভাষীরা এই কিশোরীর কাছ থেকে তার ঠিকানা জানার চেষ্টা করছে।

কিশোরী লিখে জানায় তার নাম রামু সাদিয়া। তার বাবার নাম গোলাম মিয়া। মায়ের নাম সুফলা বেগম। সে দোভাষীকে জানিয়েছে, তার বাবা-মা বেঁচে আছেন। সে তাঁদের কাছে ফিরতে চায়।

জাতীয় বধির সংস্থার ইশারা ভাষার দোভাষী ফিরোজা রানি প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে সাত মাস ধরে বাক্‌প্রতিবন্ধী সাদিয়ার সঙ্গে ইশারা ভাষায় কথা বলেছেন। কিন্তু কিশোরীর ঠিকানা বের করতে পারেননি। কিশোরী তার নিজের ও বাবা-মায়ের নাম লিখে জানাতে পারলেও গ্রাম, থানা কিংবা জেলার নাম লিখতে পারে না।

টঙ্গীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা সাদিয়াকে আজ সোমবার ঢাকার শিশু আদালতে হাজির করে পুলিশ। আদালতের নির্দেশে আজও সাদিয়ার সঙ্গে কথা বলতে আসেন ইশারা ভাষায় পারদর্শী ফিরোজা।

সরেজমিন দেখা যায়, আদালতের এজলাস কক্ষে সাদিয়ার মুখোমুখি হন ফিরোজা। ইশারা ভাষায় ফিরোজা প্রথমেই সাদিয়ার কাছে জানতে চান, তার গ্রামের নাম কী? কোন উপজেলায় তার বাড়ি। কিন্তু কিশোরী এর জবাব দিতে পারেনি।

এর পরপরই এই দোভাষী জানতে চান, সে ট্রেনে নাকি বাসে করে ঢাকায় এসেছে? তার এলাকা বন্যা কবলিত কি না? কিন্তু বাক্‌প্রতিবন্ধী সাদিয়া এর উত্তর দিতে পারেনি। সাদিয়ার সঙ্গে দুই ঘণ্টা ধরে ইশারা ভাষায় কথা বলার পর ফিরোজা প্রথম আলোকে বলেন, খুব খারাপ লাগছে তার। এর আগে হারিয়ে যাওয়া অনেক বাক্‌প্রতিবন্ধী কিশোরীর ঠিকানা বের করতে পেরেছেন। কিন্তু সাদিয়া তার ইশারা ভাষা বুঝতে পারছে না। হয়তো ছোট বেলা থেকে সে এ ব্যাপারে কোনো প্রশিক্ষণ পায়নি।

এই কিশোরীকে নিয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) থেকে জানা যায়, গত বছরের ১৯ আগস্ট খিলগাঁও কুমিল্লা হোটেলের সামনে রাত ১১টায় দাঁড়িয়ে ছিল সাদিয়া। তখন সবুজ নামের এক লোক সাদিয়াকে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে পাঠানো হয় তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে। গত বছরের ১০ অক্টোবর ঢাকার শিশু আদালত ঢাকার সরকারি বধির হাইস্কুলের প্রধান শিক্ষককে একজন ইশারা ভাষায় পারদর্শী ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ইশারা ভাষায় পারদর্শী ফিরোজা রানি বাক্‌প্রতিবন্ধী সাদিয়ার সঙ্গে একাধিকবার আদালতে কথা বলেন।

জানতে চাইলে ঢাকার শিশু আদালতের সরকারি কৌঁসুলি সাহাবুদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, সাদিয়ার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তাই আদালত ইশারা ভাষায় পারদর্শী ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন তার ঠিকানা বের করতে। আজও ইশারা ভাষার পারদর্শী তার ঠিকানা জানতে পারেনি। তাই আগামী ২৪ এপ্রিল আবারও ইশারা ভাষায় পারদর্শী ফিরোজা রানিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।