কিশোরী ধর্ষণ মামলায় ৬ যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক কিশোরী ধর্ষণ মামলায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ছয় যুবক হলেন অষ্টগ্রাম উপজেলার হযরত আলী (২৫), আসাদ মিয়া (২৪), মাসুম মিয়া (২৬), সুশেন (২৩), তাহের উদ্দিন (২৭) ও এমদাদুল হক (২৫)। র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমান ছয় আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরী বাড়ির পাশে ধানখেতে কাজ করছিল। এ সময় একই এলাকার ছয় যুবক কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান। প্রায় এক কিলোমিটার দূরে নির্জন জায়গায় নিয়ে তাঁরা ওই কিশোরীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। পরে কিশোরীকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাঁকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ১৪ এপ্রিল কিশোরীর মা অষ্টগ্রাম থানায় চারজনের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।