কিশোরী ধর্ষণের অভিযোগ, মীমাংসার চাপ
নোয়াখালীর বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অসুস্থ কিশোরীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।মেয়েটির বাবা গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মেয়ে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের নলকূপ থেকে খাবার পানি আনতে যায়। সেখানে ওত পেতে থাকা একই এলাকার এমরান হোসেন মুখ চেপে ধরে কিশোরীকে পাশের একটি কিন্ডারগার্টেনে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মসজিদের ইমামকে আসতে দেখে এমরান পালিয়ে যায়। তিনি আরও জানান, ওই ঘটনায় মেয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে মামলা করার জন্য তিনি গতকাল জেলা জজ আদালতে যান। ঘটনাটি মীমাংসা করে দেওয়ার কথা বলে স্থানীয় কয়েক ব্যক্তি তাঁকে বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দেন। ফলে মামলা না করেই তিনি বাড়ি ফিরতে বাধ্য হন। এদিকে, গতকাল বিকেলে অভিযুক্ত এমরানদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে আত্মগোপন করে আছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে এমরানের বাবা মো. হারুন ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামাজিকভাবে আমাদের হেয় করার জন্য কিছু লোক ওই মেয়ের বাবাকে ব্যবহার করছে।’ ছেলে দোষী না হলে সালিসে বসতে চাইছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু অভিযোগ উঠেছে ও মামলা-মোকদ্দমার কথা বলে বেড়ানো হচ্ছে, তাই প্রকৃত ঘটনা জানার জন্য বসতে রাজি হয়েছি।’গতকাল সন্ধ্যায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলম প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে বিকেলে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরলে পুরো ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।