কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
রাঙামাটি শহরের এক হোটেল থেকে আদিবাসী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ রমেশ ত্রিপুরা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার রমেশ ত্রিপুরাকে রিজার্ভ বাজারের শুঁটকিপট্টি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি জানান, গত বুধবার কিশোরী তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা থেকে রাজবন বিহারের কঠিন চীবরদানে যোগ দিতে রাঙামাটি এসেছিল। শহরে তেমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় না থাকায় তারা সন্ধ্যার দিকে ভাইদের সঙ্গে রিজার্ভ বাজার এলাকার আলআমিন হোটেলে ওঠে। তারা যে কক্ষ ভাড়া নেয়, এর পাশের কক্ষে থাকতেন রমেশ ত্রিপুরা। পরে রমেশ ত্রিপুরা পুলিশ আসার কথা বলে কিশোরীকে কক্ষ খুলতে বাধ্য করেন। এরপর কিশোরীকে জোর করে নিয়ে যান। আর দুই মামাতো ভাইকে কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখেন। ভোরের দিকে হোটেল থেকে কিশোরীকে একই এলাকার শ্যামলজ হোটেলে নিয়ে ধর্ষণ করেন। বেলা ১১টার দিকে কিশোরীকে ছেড়ে দেন রমেশ ত্রিপুরা।ওসি জানান, খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার এবং রমেশ ত্রিপুরাকে গ্রেপ্তারে ভোর থেকে অভিযান শুরু করে। পরে কিশোরী আলআমিন হোটেলে চলে আসে। আর রমেশ ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শহরের গর্জনতলী এলাকায়। পিতার নাম বীর কিশোর ত্রিপুরা বলে ওসি নিশ্চিত করেন।