কিশোরী ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের (১৪) অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুনীল ত্রিপুরা (২১)। গত রোববার রাতে নগরের ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সুনীলের বাড়ি খাগড়াছড়িতে। তিনি ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সুনীল ও ধর্ষণের শিকার কিশোরী পূর্বপরিচিত। দুজনে ইপিজেডে পোশাক কারখানায় কাজ করে। গত শনিবার রাতে সুনীল ওই কিশোরীকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, রাতেই কিশোরী তার পরিবারের লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানায়। এরপর সুনীলের ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে পরিবারের লোকজন। গত রোববার এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সুনীলকে গ্রেপ্তার করে। সোমবার (গতকাল) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।