কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সুজন হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। সুজন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি সুজন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ আগস্ট দুপুরে মেয়েটি বাড়িতে একা ছিল। তার বাবা ও মা বাড়িতে ছিলেন না। দুপুর ১২টার দিকে প্রতিবেশী সুজন হাওলাদার মেয়েটির বাড়িতে এসে তাকে একা পেয়ে জোর করে মুখে ওড়না গুঁজে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির বাবা বাজার থেকে বাড়িতে এলে সুজন হাওলাদার পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজন হাওলাদার ও তাঁর বাবা-মাকে আসামি করে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম মামলাটি তদন্ত শেষে সুজন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার ছয় মাস পর পুলিশ চট্টগ্রাম থেকে সুজনকে গ্রেপ্তার করে। মামলায় ১০ জনের সাক্ষ্য, আলামতসহ আনুষঙ্গিক সবকিছু পর্যালোচনা করে সুজন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক খান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন সিরাজুল ইসলাম।