কিশোরী ধর্ষণের পর ভিডিও ছড়ানোর দায়ে ৩ যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ ও ধর্ষণের পর ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোর দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার আবেদ আলী (২৯), শাহিন মিয়া (২৪) ও ঝিনাইগাতী উপজেলার আলাউদ্দিন (২৮)। ধর্ষণের দায়ে আবেদ আলীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোয় পর্নোগ্রাফি আইনে আসামি আলাউদ্দিন ও শাহিনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের নভেম্বর মাসে নালিতাবাড়ী উপজেলার এক গ্রামের ওই কিশোরীকে ধর্ষণ করেন দণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি। পরে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছাড়া হয়। ঘটনাটি জানতে পেরে ধর্ষণের শিকার কিশোরীর দাদি বাদী হয়ে ২০১৫ সালের ৮ ডিসেম্বর ঝিনাইগাতী থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবেদ, শাহিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। শাহিন ও আলাউদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ এপ্রিল ঝিনাইগাতী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

এই মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া ও আসামি পক্ষে ছিলেন কৌঁসুলি শাহিন হাসান খান ও হরিদাস কর্মকার। রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি মো. গোলাম কিবরিয়া বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।

অপরদিকে আসামি পক্ষের কৌঁসুলি হরিদাস কর্মকার বলেন, ‘রায়ে তাঁরা সংক্ষুব্ধ এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’