কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাসেল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার নির্যাতিত কিশোরীর বড় ভাই বাদী হয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের হতদরিদ্র পরিবারের ১৪ বছর বয়সী ওই কিশোরী চট্টগ্রাম শহরে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত। ঈদ উপলক্ষে সে বাড়িতে আসে। বৃহস্পতিবার রাত একটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে স্থানীয় বখাটে কামরুল ও রাসেল তাকে তুলে নিয়ে যায়। পরে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।  

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।