কিশোরী, নারী ও যুবকের অপমৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি, আনোয়ারা ও নোয়াখালীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ও গত শুক্রবার এই দুই দিনে তিনটি পৃথক ঘটনায় কিশোরী, নারী ও যুবকের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে বজ্রপাতে নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বিকেলে প্রবল বৃষ্টির সময় উপজেলার ইদিলপুর গ্রামের মোহাম্মদনগর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদা বেগম (৬২) ওই চা-বাগানের বাসিন্দা। আহত হাসিনা বেগমকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ির ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দীঘির মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে কালাবিবির মোড় এলাকায় ১৮-১৯ বছর বয়সী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তাঁর হাত বাঁধা ও শরীরের আঘাতের চিহ্ন ছিল।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, নিহত যুবকের পরিচয় খোঁজার চেষ্টা চলছে।
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৌলভী বাড়ি থেকে গত শুক্রবার বিকেলে ফারজানা আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা একই গ্রামের দিনমজুর আবদুল আহাদের মেয়ে। ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার সকালে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফারজানার বাবা বলেন, ‘তাঁর এত ছোট মেয়ে কেন আত্মহত্যা করবে?’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফটিকছড়ি ও আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি এবং নোয়াখালী অফিস)