কিশোরী মাতৃত্বের সূচকে পিছিয়ে রাজশাহী
কিশোরী মাতৃত্বের সূচকে সারা দেশের চেয়ে রাজশাহী বিভাগ পিছিয়ে রয়েছে। সারা দেশে যেখানে কিশোরী মাতৃত্বের হার ৩১ শতাংশ, সেখানে রাজশাহী বিভাগে এই হার ৩৭। তবে মাতৃমৃত্যুর হার, শিশুমৃত্যুর হার ও পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের সূচকে সারা দেশের চেয়ে এগিয়ে আছে রাজশাহী।
পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পরিবার পরিকল্পনা বিভাগ রাজশাহীর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সারা দেশে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার ৬২ শতাংশ। রাজশাহীতে এই হার ৬৯ শতাংশ। স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের হার রাজশাহীতে ৩৯ শতাংশ, সারা দেশে এই হার ৩৭ শতাংশ। এ ছাড়া সারা দেশে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৭ শতাংশ হলেও রাজশাহীতে এই হার ১ দশমিক ৬ শতাংশ। মতবিনিময় সভায় বলা হয়, দেশের অন্য অঞ্চলের তুলনায় রাজশাহী অঞ্চলে বাল্যবিবাহের সংখ্যা বেশি হওয়ায় কিশোরী মাতৃত্বের সূচকে রাজশাহী পিছিয়ে আছে। এ ছাড়া জনবল-সংকটের কারণে পরিবার পরিকল্পনা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে।
পরিবার পরিকল্পনা বিভাগ রাজশাহী বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহীর উপপরিচালক নাসিম আখতার, ডেপুটি সিভিল সার্জন ফারহানা হক প্রমুখ। সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।