কিশোরীকে অপহরণ করে বাড়িতে আগুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়গাবুয়া গ্রামের সংখ্যালঘু পরিবারের এক কিশোরীকে অপহরণ করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।মামলার এজাহার থেকে জানা যায়, গত সোমবার গভীর রাতে গোলখালী ইউনিয়নের ওই গ্রামের মজিবর রহমান নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল সংখ্যালঘু পরিবারটির বাড়িতে হামলা চালিয়ে মেয়েটিকে অপহরণ করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরদিন মজিবর রহমানকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় দায়ের করা মামলায় একজন গ্রেপ্তার হয়েছে। তবে কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মজিবর একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন।এলাকাবাসী, পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ওই পরিবারের সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আনোয়ার হোসেনের ছেলে মজিবর রহমানের নেতৃত্বে ২১ জানুয়ারি রাত একটার দিকে ১৫-১৬ জনের দলটি ওই বাড়িতে হামলা চালায়।বড়গাবুয়া গ্রামে গত শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারটির একটি ঘরের শূন্য ভিটার ওপর পড়ে আছে পোড়া কাঠের স্তূপ। ঘটনা সম্পর্কে জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন কিশোরীর মা।কিশোরীর বাবা জানান, নিজের ঘরে নিরাপত্তা না থাকায় তাঁর মেয়ে একই বাড়িতে তাঁর ভাতিজার ঘরে ঘুমায়। ঘটনার রাত একটার দিকে হামলাকারীরা তাঁর ভাতিজার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর মেয়েকে (১৭) তুলে নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর ভাতিজার রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়ে যায়। তাঁদের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নেভায়। আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।কিশোরীর বাবার অভিযোগ, গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের একজন আইনজীবীর সহকারী (মহরার) একই গ্রামের আনোয়ার হোসেন তাঁদের তিন একর ৩৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। এ নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে। আনোয়ার হোসেন কিছুদিন আগে তাঁদের ৮০ শতাংশ জমি নতুন করে আবার দখল করলে তাঁরা ওই জমি উদ্ধার করতে গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। মামলাটি করার পর থেকেই তা প্রত্যাহার করে নেওয়ার জন্য আনোয়ার হোসেন ও তাঁর ছেলে মজিবর রহমান হুমকি দিয়ে আসছিলেন।কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, ‘শ্যাষের মামলাডার কারণেই ওরা আমার এই সর্বনাশ করছে। ওরা আমাগোরে ভিটি থেকে উৎখাত করতে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল।’ প্রায় ৩০ বছর আগেও একবার ওই গোষ্ঠীর লোকজন তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেয়।মামলার প্রধান আসামি মজিবর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জমিজমা নিয়ে আমার বাবার সঙ্গে ওদের মামলা চলছে। তাই আমাদের হয়রানি করার জন্য এই মামলায় আসামি করা হয়েছে। আমরা কেউ তাদের ঘরে আগুন দেইনি এবং কোনো মেয়েকেও অপহরণ করিনি। পুরো ঘটনা একটি সাজানো নাটক।’গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর কয়েকবার আমরা ওই বাড়িতে গেছি। মেয়েটি এখনো নিখোঁজ রয়েছে।’ ওই কিশোরীর সঙ্গে কারও কোনো সম্পর্ক ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কারও সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক ছিল এমন তথ্য কেউ দিতে পারেননি।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘অপহূত কিশোরীকে উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ সক্রিয় রয়েছে। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি।’