কিশোরীকে অপহরণে ব্যর্থ হয়ে তিনজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গত সোমবার এক কিশোরীকে (১৫) অপহরণ করতে গিয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা মেয়েটির পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার বেড়াবাড়িয়া গ্রামের ওই মেয়েকে এক মাস ধরে দুর্বৃত্তরা মুঠোফোনে উত্ত্যক্ত করত। ঘটনার দিন সন্ধ্যায় ওই কিশোরীর ঘরে একটি মুঠোফোন নম্বর থেকে ফোন আসে। এ সময় মো. ইউসুফ (২৮) নামের এক যুবক ওই কিশোরীকে তাঁর কাছে বিয়ে দেওয়ার জন্য পরিবারকে চাপ দেন, অন্যথায় মেয়েটিকে অপহরণ করা হবে বলে হুমকি দেন। ওই দিন রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে ইউসুফের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা মেয়েটিকে ঘরে না পেয়ে অন্য ঘরগুলোতে ঢোকার চেষ্টা করে। তবে অন্যান্য ঘরে ঢুকতে গিয়ে বাধা পেয়ে একপর্যায়ে দুর্বৃত্তরা মেয়েটির ভাইসহ পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাবা গতকাল ইউসুফ, হুমায়ুন, বেলাল হোসেনসহ চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।পরশুরাম থানার দ্বিতীয় কর্মকর্তা আবদুল আলিম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।