কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে ছয় অপহরণকারীকে পিটুনি দিয়েছে জনতা। উপজেলার খুটাখালী ইউনিয়নের গরুলোটাপাড়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ছয় অপহরণকারীকে আসামি করে ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করে।

কিশোরী জানায়, গত দুই বছর আগে আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ার সময় নাপিতখালী এলাকার চাঁন মিয়ার ছেলে বদিউল আলম (৩২) তাকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তাঁর ভয়ে পড়ালেখাই ছেড়ে দেয় কিশোরী। কিন্তু এরপরও পিছু ছাড়ছিলেন না বদিউল আলম। পরে কিশোরীকে পথেঘাটে না দেখে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত ১১টায় বদিউল আলম একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পাঁচ সহযোগী নিয়ে কিশোরীর বাড়িতে ঢুকে মুখে স্কচটেপ লাগিয়ে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। এ খবর পেয়ে এক কিলোমিটার দূরে উত্তর ফুলছড়ি জামে মসজিদের সামনে স্থানীয় জনতা ব্যারিকেড দিয়ে কিশোরীকে উদ্ধার করে অপহরণকারীদের ধরে গণপিটুনি দেয়। সেখান থেকে কৌশলে বদিউল আলম ও তাঁর সহযোগী আবুল কালাম সটকে পড়েন। পরে অন্য চার অপহরণকারীকে পুলিশে সোপর্দ করে জনতা।

চার অপহরণকারী হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম গজালিয়ার আবদুল নবীর ছেলে রফিকুল ইসলাম (২২), মধ্যম নাপিতখালীর শফি আলমের ছেলে নুরুল হাকিম (২২), একই এলাকার ওসমান আলীর ছেলে মো. ওবাইদুল হক (২১), জুমনগরের নজির আহমদের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোছেন (২৫)।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন বলেন, কিশোরী বাদী হয়ে পালিয়ে যাওয়া দুজন ও আটক হওয়া চারজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছে। আটক অপহরণকারীদের গতকাল শনিবার চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।