কিশোরীকে অপহরণের পর বিয়ে, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক কিশোরীকে (১৫) অপহরণের পর জোর করে বিয়ের অভিযোগে মাসুম শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আমতলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাসুম শেখের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি সকালে মেয়েটি বাড়ি থেকে পাশের গ্রামের এক বাড়িতে শিশুদের কোরআন শরিফ পড়াতে যাচ্ছিল। সকাল আটটার দিকে আমতলা গ্রামের হাজরা বাড়ির কাছে স্থানীয় রূপচান বয়াতির (১৬) সহযোগিতায় তার আত্মীয় নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মাসুম শেখ ও শিমুল মোল্লা (২৯) মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর মাসুম শেখ মেয়েটিকে রঘুনাথপুর গ্রামে তাঁর বাড়িতে নিয়ে যান। ২১ জানুয়ারি মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে মাসুম তাকে বিয়ে করেন। এরপর মেয়েটি বিভিন্ন সময় মাসুমের কাছে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। গত সোমবার মাসুম মেয়েটিকে তার বাবার বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় গতকাল বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে মাসুম শেখকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বিকেলে মাসুম শেখকে উপজেলার আমতলা গ্রামের তাঁর আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে।