কিশোরীকে অসামাজিক কাজে বাধ্য করায় দুই নারীর দণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে অসামাজিক কাজে বাধ্য করায় দুই নারীকে পৃথক কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আদালতের কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় এক হিজড়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত নারীরা হলেন ঝুমু বেগম (৩০), তাসলিমা (২৮) ও শাকিলা। এঁদের মধ্যে ঝুমু বেগমকে এক বছরের ও তাসলিমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিলাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউছুল আজম গতকাল রোববার সকালে এ দণ্ড ও জরিমানা করেন।
গাউছুল আজম বলেন, ১৪ বছরের এক কিশোরীকে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে প্রথমে অসামাজিক কাজ করান তাসলিমা। পরে তাসলিমার কাছ থেকে ঝুমু ভালো বেতনে পোশাক কারখানায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে তাঁর বাসায় নিয়ে আসেন। তাকে আটকে রেখে জোর করে অসামাজিক কাজ করান ঝুমু। রোববার ভোরে ঝুমুর বাসা থেকে ওই কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোরীকে জোর করে আটকে রাখার চেষ্টা করেন ঝুমু। তখন ঘটনাটি জানাজানি হয়ে যায়।