কিশোরীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় কোনো গ্রেপ্তার নেই
রংপুরের বদরগঞ্জে চোখের সামনে বাবাকে নির্যাতনকারীদের কবল থেকে রক্ষা করতে না পেরে রাগে-ক্ষোভে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের এক মাসেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বেলাল হোসেন বাদী হয়ে তাঁকে মারধর ও মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ১৪ মার্চ বদরগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় বেলাল হোসেন অভিযোগ করেন, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না। তাঁরা এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী বলেন, ‘আসামিরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। মামলা তুলে নিতে বাদীকে হুমকি বা চাপ দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।’
জানা গেছে, উপজেলার আমরুলবাড়ী পলিপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন কিছু জমি কিনতে দুই বছর আগে তাঁর শাশুড়ি ও শ্যালকদের চার লাখ টাকা দেন। এর পরও তাঁরা জমি লিখে দিচ্ছিলেন না। এর জের ধরে ১৩ মার্চ সকালে বেলালের সঙ্গে তাঁর স্ত্রী নুরাজ বেগমের ঝগড়া হয়। এ খবর জানতে পেরে নুরাজের ভাই শাহিনুর (৩৫), শাহাদৎ হোসেন (২৮), ভগ্নিপতি সাদিকুল (৩৮), মামাতো ভাই নুরে আলম (২৫) জোটবদ্ধ হয়ে ওই দিন বিকেলে বাড়িতে গিয়ে হাত-পা বেঁধে বেলালকে পেটান। চোখের সামনে বাবাকে নির্যাতনের দৃশ্য সহ্য করতে না পেরে বেলালের দ্বিতীয় মেয়ে উমেঞ্চ কুলসুম কীটনাশক পানে আত্মহত্যা করে। সে স্থানীয় আমরুলবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত। পরদিন ১৪ মার্চ শাহিনুর, শাহাদৎ হোসেন, সাদিকুল ইসলাম ও নুরে আলমের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করা হয়। গত ১৫ মার্চ প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘বাবাকে নির্যাতন, ক্ষোভে কিশোরী মেয়ের আত্মহত্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।