কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামলা
নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল রোববার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছেন মেয়েটির মা। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।মামলার আরজিতে বলা হয়, কবিরহাট উপজেলায় ওই কিশোরীর (১৬) বাড়িতে তার দুঃসম্পর্কের আত্মীয় সদর উপজেলার জালিয়াল গ্রামের মো. শামীম ওরফে জীবন (২৩) প্রায়ই আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩ আগস্ট কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে শামীম মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নোয়াখালী সদর উপজেলার একটি গ্রামে নিয়ে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মেয়েটিকে আটকে রাখা হয়। পরে সেখানে শামীমের সঙ্গে যোগ দেয় আরও চার-পাঁচজন যুবক। তারা ৩ আগস্ট রাতে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় বেড়িবাঁধের ওপর ফেলে রাখা হয়। পরের দিন সকালে মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।