কিশোরীকে ধর্ষণ, দুজনের স্বীকারোক্তি
ঢাকার কেরানীগঞ্জের নবাবচর এলাকায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (২২) ও কাজল মিয়া (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাঁরা স্বীকারোক্তি দিলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, পুরান ঢাকার এক কিশোরীর (১৫) সঙ্গে বছর খানেক ধরে কামরাঙ্গীরচরের যুবক তুষার হোসেনের টেলিফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার বিকেল চারটার দিকে মেয়েটি বুটিকের কাজ শেখার কথা বলে বাসা থেকে বের হয়। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে তুষার তাকে মুঠোফোনে কামরাঙ্গীরচর এলাকায় ডেকে নেন। সেখানে তুষারের বন্ধু রাজীব, কাজল ও রুবেল ছিল। তুষার কৌশলে সেখান থেকে সরে গেলে তাঁরা তিনজন মেয়েটিকে বুড়িগঙ্গা নদীতে বেড়ানোর কথা বলে একটি নৌকায় তোলেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা কিশোরীকে কেরানীগঞ্জ মডেল থানার বুড়িগঙ্গা তীরে নবাবচর সিসার কারখানায় পরিত্যক্ত একটি ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করেন। পরে রাত আটটার দিকে রুবেলের আরও তিন বন্ধু তুহিন, মিলন ও আশিকসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর এলাকার লোকজন টের পেয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাশের এক বাসায় রাখেন। পরদিন মেয়ের পরিবারকে সংবাদ দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির অস্ত্রোপচার করা হয়। কিশোরীর বড় বোন মঙ্গলবার বিকেলে অজ্ঞাত কয়েকজনের নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ মাঈন উদ্দিন বলেন, রুবেল ও কাজলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।