কিশোরীকে ধর্ষণ, পরিবারকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় গত বুধবার এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করায় পরিবারের সদস্যদের একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবা-মা দুজনেই পোশাক কারখানার শ্রমিক।আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে ওই কিশোরী আশুলিয়ার নয়ারহাটে তার মামার বাড়ি বেড়াতে যায়। মামাতো ভাইয়ের সঙ্গে ফেরার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রতিবেশী আলমগীর হোসেন, রবিন, হাশেম, রিপনসহ পাঁচ বখাটে মামাতো ভাইকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর তারা কিশোরীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ধর্ষকেরা তাকে রাত ১২টার দিকে বাড়ি পৌঁছে দেয়। এ সময় তারা বিষয়টি প্রকাশ না করার জন্য কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে আসে। কিশোরীর মা জানান, ধর্ষণের শিকার হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেও স্থানীয় প্রভাবশালীদের ভয়ে তাকে হাসপাতালে ভর্তি করা থেকে বিরত থাকেন। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে একপর্যায়ে তিনি বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। পরে স্থানীয়দের পরামর্শে তিনি গত শুক্রবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় আলমগীর, রবিন, হাশেম, রিপনসহ পাঁচজনকে আসামি করা হয়।পুলিশ জানায়, থানায় মামলা দায়েরের পর গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিশোরীর বাবা জানান, ধর্ষকদের সবাই এলাকার প্রভাবশালী। অপরদিকে তাঁরা পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে মামলা দায়েরের পর থেকেই তা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ধর্ষণের পর মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে বিষয়টি চেপে যেতে বলা হয়। অন্যথায় তাঁদের মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। ক্রমাগতই তারা হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।