কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ও রাণীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামা কবীরকে (৫২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বিকেলে শেরপুরের বিচারিক হাকিম মো. শরিফুল হকের আদালতের নির্দেশক্রমে আবু শামাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে রাণীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শামা শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের এক গরিব কাঠুরের বাড়িতে যান। এ সময় কাঠুরে বাড়িতে ছিলেন না। কিশোরীর বাবা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আবু শামা ঘরে ঢুকে কিশোরীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই কিশোরীর চিৎকারে তার মা, ভাবী ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার এবং চেয়ারম্যান আবু শামাকে আটক করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার শিকার ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে চেয়ারম্যান আবু শামা কবীরের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, ইউপি চেয়ারম্যান ও রাণীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু শামাকে এর আগেও তাঁরই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে অবশ্য তিনি উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পেয়েছিলেন।ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবু শামা কবীর বলেন, নির্বাচনে পরাজিত প্রতিপক্ষের যোগসাজশে পরিষদের তিনজন সদস্য ও এক দফাদার ওই কিশোরীকে দিয়ে সম্পূর্ণ পরিকল্পিত ও চক্রান্তমূলকভাবে তাঁর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করেছেন।