কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনে আল-আমিন (৩০) নামের এক চায়ের দোকানদার গত সোমবার সন্ধ্যায় এক কিশোরীকে (১২) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। আল-আমিন উপজেলার গোপীনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, ওই কিশোরী এক সপ্তাহ আগে নানাবাড়ি কসবায় বেড়াতে আসে। গত সোমবার বিকেলে কিশোরীর খালা অসুস্থ হওয়ায় তাকে (কিশোরী) সঙ্গে নিয়ে তিনি (খালা) চিকিত্সার জন্য গোপীনাথপুর বাজারে যান। চিকিত্সক আসতে দেরি হওয়ায় তিনি কিশোরীকে সন্ধ্যায় বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে আল-আমিন তাঁর চায়ের দোকানের সামনে থেকে মেয়েটিকে জোর করে দোকানের পেছনে তাঁর থাকার জায়গায় নিয়ে যান। সেখানে আল-আমিন তাকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিত্কারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। চিকিত্সার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ধর্ষক আল-আমিন পালিয়ে যান।আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির খালা বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।