কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার ওই কিশোরী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলাটি করে। এজাহার ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, সাত মাস আগে ওই কিশোরী স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক তাকে উত্তর রাঙামালিয়া মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিক্ষক ঘটনাটি কাউকে জানানো হলে মেরে ফেলা হবে বলে হুমকি দেন মেয়েটিকে। দুই সপ্তাহ আগে মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বলে। এরপর মেয়েটির বাবা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় সোমবার ওই মেয়েটি বাদী হয়ে মামলা করে।মামলার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।