কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
বগুড়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা দুই মামলায় এক ব্যক্তিকে পৃথকভাবে ১৪ বছরের কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মোট ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভাটবাড়ি গ্রামের আবুল বাশার ওরফে বিপ্লব রশিদ।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নরেশ মুখার্জি বলেন, অপহরণের দায়ে আদালত আসামির ১৪ বছরের দণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেন। এ ছাড়া ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৬ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা হয়।