কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয় শ্বাসরোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে হত্যার ঘটনায় করা মামলায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাবের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, ওই কিশোরীকে তাঁরা ধর্ষণের পর হত্যা করেন। গতকাল শনিবার সকালে র‌্যাব-১-এর শিমুলতলী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর উপপরিচালক লে. কমান্ডার কাওসার মাহমুদ উপস্থিত সাংবাদিকদের কাছে ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরীর ফুফা তরিকুল আলম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি ও নিহত কিশোরীর পরিবারের বরাত দিয়ে র‌্যাবের কর্মকর্তা কাওসার মাহমুদ জানান, টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার বাসিন্দা তৈরি পোশাক কারখানার শ্রমিক লতিফা আক্তারের বাড়িতে থাকত তাঁর ভাতিজি কিশোরী জাহানারা (১৪)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। গত ২৪ জুন লতিফা কাজ সেরে বাসায় ফিরে জাহানারাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাত সাড়ে আটটার দিকে উত্তর আরিচপুরের ৮ নম্বর হাজী ইউনুস আলী সরকার রোড এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ষষ্ঠ তলায় সিঁড়ির নিচে জাহানারার লাশ পাওয়া যায়। তার মাথায় আঘাত ও ঘাড় মটকানো ছিল।কাওসার মাহমুদ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে জাহানারার ফুফু লতিফা বাদী হয়ে ২৫ জুন টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে লতিফার বাসার সামনের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বসানো সিসি টিভি ক্যামেরায় ধারণ কারা ভিডিও ফুটেজের সূত্র ধরে এলাকার এক নারী পোশাকশ্রমিককে (২৫) আটক করা হয়। ১৬৪ ধারায় তাঁর দেওয়া জবানবন্দিতে প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়। পরে গত বৃহস্পতিবার র‌্যাবের গোয়েন্দা দল শামীম (২৫) নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আটজনের নাম পাওয়া যায়।প্রাপ্ত তথ্য মোতাবেক, র‌্যাবের সদস্যরা গত শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. সামছুল ইসলাম (৩৬), আ. মালেক মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৫), হাসান হাফিজ (২৪) ও মো. বাবুল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেন। তাঁরা সবাই টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, আটক হওয়া নারী পোশাকশ্রমিক ফুঁসলিয়ে জাহানারাকে তাঁদের হাতে তুলে দেন। পরে তাকে ওই নির্মাণাধীন বাড়ির ছয় তলায় নিয়ে তাঁরা আটজন ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাঁরা ইট দিয়ে জাহানারার মাথা থেঁতলে শ্বাসরোধ করে হত্যার পর তার ঘাড় মটকে দিয়ে লাশ ফেলে চলে যান।ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের কর্মকর্তা কাওসার মাহমুদ।