কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কিশোরীকে পাঁচ দিন আটকে রেখে চার ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর সৎবাবা তাকে গুরুতর অবস্থায় উপজেলার উত্তরচারিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে গত সোমবার সকালে উদ্ধার করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটি বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। এজাহারে ওই কিশোরী উল্লেখ করে, ২ এপ্রিল দুপুরে সে নানাবাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি গ্রাম থেকে নান্দাইলের হেমগঞ্জ বাজারের একটি দর্জির দোকানে যাচ্ছিল। পথে ব্যাটারিচালিত অটোবাইকের চালক উপজেলার সাভার গ্রামের ডালিম মিয়া (৩০) তাকে হেমগঞ্জ বাজারে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হলে ডালিম জোর করে তাকে অটোবাইকে তোলেন। তিনি হেমগঞ্জ বাজারের দিকে না গিয়ে অন্য পথে যেতে শুরু করেন। একপর্যায়ে সে (মেয়েটি) চিৎকার শুরু করলে ডালিম ছুরি দেখিয়ে তাকে চুপ করান। সন্ধ্যার পর ডালিম মুঠোফোনে তাঁর বন্ধু তানভীরকে ডেকে আনেন। পরে তাঁরা সড়কের পাশে একটি সেচকলের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। রাতেই তাকে একই গ্রামের আবুল মিয়ার হাতে তুলে দেন ওই দুই তরুণ। আবুল মিয়া তাকে গ্রামের একটি বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে আবুল মিয়া তাকে মোটরসাইকেলে করে উত্তরচারিয়া গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে নগদ পাগলার (৫০) বাড়িতে নিয়ে যান। আবু বকর মেয়েটিকে বাড়িতে আশ্রয় দেন। কিন্তু আবু বকরও রাতে তাকে ধর্ষণ করেন।আবু বকর সিদ্দিক ওই কিশোরীকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি মেয়েটিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। ডালিমও ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও তানভীর ও আবুল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন জানান, পুলিশ মঙ্গলবার রাতে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।