কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগ, ফেনীতে আটক ২
ফেনীতে এক কিশোরীকে অপহরণ করে পাচারের চেষ্টার অভিযোগে গতকাল সোমবার খালেদ মাহমুদ ও মো. মাহফুজুর রহমান নামের দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও ওই কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে বাড়ির পাশ থেকে গত ২৫ জুন দুপুরে ওই কিশোরীকে অপহরণ করেন খালেদ মাহমুদ ও মো. মাহফুজুর রহমান। তাঁরা ওই কিশোরীকে ফেনী শহরে একটি বাসায় আটকে রাখেন। সন্ধ্যায় ওই বাসার মালিক ওই দুই তরুণকে কিছু টাকা দেন এবং সকালে ওই কিশোরীকে ঢাকায় নেওয়া হবে বলে জানান। পরদিন ভোরে ওই কিশোরী সুযোগ বুঝে ওই বাসা থেকে পালিয়ে পাশের অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। এরপর আশ্রয়দাতা ব্যক্তিদের সহযোগিতায় সে তার নানাবাড়িতে চলে যায়। গত রোববার সন্ধ্যায় সে নিজের বাড়িতে ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানায়।
গতকাল সকালে ওই কিশোরী ও তার বাবা-মা পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান আনোয়ার হোসেনকে ঘটনাটি জানান। এরপর চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে খালেদ ও মাহফুজকে ইউপি কার্যালয়ে হাজির করান। জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই তরুণকে ফেনী মডেল থানার পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।