কিশোরীকে হত্যা করে মাটিচাপা, সালিসে আপসরফার চেষ্টা!
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মানসুরা আক্তার নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা শেষে লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিশ্চিত হয়ে সালিসে আপসরফার চেষ্টা করা হয়।পরে মামলা করায় গতকাল সোমবার সকালে একই গ্রামের ইয়াছিন মিয়া (৩৫), ইস্রাফিল (২২) ও ফখরুল ইসলামকে (১৮) আটক করে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ‘২৬ জুলাই রাত নয়টার দিকে বান্নগর গ্রামের ইয়াছিন, ইস্রাফিল ও ফখরুল ঘরের দরজা ভেঙে প্রতিবেশী মানসুরাকে (১৬) তুলে নিয়ে যায়। পরদিন রাত সাড়ে আটটার দিকে গ্রামের কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের লোকজন ও গ্রামবাসী লাশটি মানসুরার বলে শনাক্ত করে। মানসুরার ডান হাত ও পা ভাঙা ছিল। মুখের বাঁ পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় রাত ১০টার দিকে গ্রামের মসজিদের কাছে সালিস হয়। এ সময় ওই তিন ব্যক্তি মানসুরাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন এবং সালিসের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলে ১৫০ টাকার স্ট্যাম্পে সই করেন।রাত তিনটার দিকে লাশ উদ্ধার করে ভোরে জানাজা ছাড়াই মাটিচাপা দেওয়া হয়। কিন্তু এরপর ইয়াছিন, ইস্রাফিল ও ফখরুল সালিসের কোনো সিদ্ধান্তই মানবেন না বলে জানান। পরে নিহত মানসুরার বাবা সেলিম মিয়া মামলার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে ওই তিনজনকে আটক করে পুলিশ। সালিসে উপস্থিত মক্রবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাশেম প্রথম আলোকে বলেন, শতাধিক গ্রামবাসীর সামনে ইয়াছিন, ইস্রাফিল ও ফখরুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্ট্যাম্পে সই দেন। কিন্তু পরে তাঁরা বেঁকে বসেন।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।