কিশোরীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে এক কিশোরীকে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কিশোরীর মাকে আহত করার দায়ে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শফিউদ্দিন (৩০)। তাঁর বাড়ি মিঠাপুকুর উপজেলার খামারকুর্শা গ্রামে।

সেই সঙ্গে এই একই মামলায় অন্য একজন নারীকে কুপিয়ে আহত করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিউদ্দিনকে একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আখতারুজ্জামান পলাশ মামলার নথির বরাত দিয়ে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৫ সালের ১২ জুলাই সন্ধ্যায় শফিউদ্দিন একই গ্রামের সোলেমান মিয়ার ওপর হামলা করতে যান। কিন্তু তাঁকে (সোলেমান) না পেয়ে তাঁর বড় ভাই আমিন মিয়ার মেয়ে আম্বিয়া খাতুনকে (১৩) কুপিয়ে হত্যা করেন। এ সময় সোলেমানের স্ত্রী আছেমা খাতুন এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে মারা যায় কিশোরী আম্বিয়া।
ওই রাতেই সোলেমান বাদী হয়ে শফিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন।

আইনজীবী আখতারুজ্জামান আরও জানান, আম্বিয়াকে হত্যার দায়ে আদালত পলাতক শফিউদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আছেমাকে কুপিয়ে আহত করার অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন তদন্ত শেষে ১৯৯৬ সালের ১৯ জুলাই ৩০২ ও ৩২৬ ধারায় শুধু শফিউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।